আজ
|| ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
ঐক্য ও সংগঠন—উভয়ই আমাদের অস্তিত্বের অপরিহার্য স্তম্ভ- বশির উল্লাহ
প্রকাশের তারিখঃ ২৯ মার্চ, ২০২৬
রুহুল আমিন : হেফাজতে ইসলাম—একটি অরাজনৈতিক সংগঠন, একটি আদর্শের নাম, একটি ঐক্যের প্রতীক। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সংগঠনটি যেন এক সূক্ষ্ম ভারসাম্যের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে—যেখানে ঐক্য রক্ষা করতে গেলে সংগঠনের কাঠামো দুর্বল হয়ে পড়ে, আর সংগঠনকে সুসংহত করতে গেলে ঐক্যের বন্ধন শিথিল হওয়ার আশঙ্কা দেখা দেয়।
এমন এক সংকটময় মুহূর্তে আমাদের কর্তব্য আরও সুস্পষ্ট—ঐক্যের মজবুত বন্ধন অটুট রেখে হেফাজতে ইসলামকে একটি সুশৃঙ্খল, শক্তিশালী ও আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তোলা। কারণ, ঐক্য ও সংগঠন—উভয়ই আমাদের অস্তিত্বের অপরিহার্য স্তম্ভ।
এজন্য প্রয়োজন আন্তরিক আত্মসমালোচনা, প্রজ্ঞাপূর্ণ পর্যালোচনা এবং সাহসী সংশোধন। কোন পথে এগোলে আমরা কাঙ্ক্ষিত ভারসাম্যে পৌঁছাতে পারি, সে বিষয়ে দায়িত্বশীল ও দূরদর্শী ব্যক্তিদের গভীর চিন্তা-ভাবনা করা এখন সময়ের দাবি। আমাদের বক্তব্য, আচরণ ও কর্মকাণ্ড—এসবের মাধ্যমে অনিচ্ছাকৃতভাবেও যদি ঐক্যে কোনো ফাটল সৃষ্টি হয়ে থাকে, তবে তা দ্রুত অনুধাবন ও সংশোধন করা অত্যাবশ্যক।
দুঃখজনক হলেও সত্য, বর্তমান সময়ে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য হেফাজতের নাম ও শক্তিকে ব্যবহার করছে। এই প্রবণতা সাধারণ মানুষের মনে প্রশ্ন, সমালোচনা এবং অবিশ্বাসের জন্ম দিচ্ছে—যা সংগঠনের মর্যাদা ও গ্রহণযোগ্যতার জন্য মারাত্মক ক্ষতিকর।
পরিস্থিতি এতদূর গড়িয়েছে যে, কেউ কেউ হেফাজতকে ‘বেচা-কেনার সংগঠন’ বলেও অভিহিত করছে—যা নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক।
অতএব, যাদের কার্যকলাপের কারণে সংগঠনের এই অবস্থা সৃষ্টি হয়েছে, তাদের উচিত আত্মসমালোচনার আয়নায় নিজেদের যাচাই করা এবং সংশোধনের সৎ ও সাহসী পথে ফিরে আসা।
আসুন, আমরা সবাই বিভেদ ভুলে, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে, ঐক্যের পতাকাকে সমুন্নত রাখি এবং হেফাজতে ইসলামকে তার মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করতে সম্মিলিতভাবে কাজ করি।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সত্য উপলব্ধি করার, সংশোধিত হওয়ার এবং ঐক্য অটুট রেখে হেফাজতে ইসলামকে শক্তিশালী করার তাওফিক দান করুন।
মুফতী বশীরুল্লাহ
সাংগঠনিক সম্পাদক
হেফাজতে ইসলাম বাংলাদেশ
Copyright © 2026 সংবাদ সব সময়. All rights reserved.