নিজস্ব প্রতিবেদক : ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নির্মিত নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থলে নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার বর্তমানে নানা অব্যবস্থাপনা ও অবৈধ দোকানের কারণে তার মর্যাদা হারাতে বসেছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে রাতের বেলা শহীদ মিনারের চারপাশে অবৈধ দোকানের মেলা বসায় ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ ও নগরবাসী।
তথ্য সুত্রে, সন্ধ্যা নামলেই শহীদ মিনারের চারপাশে বিভিন্ন অস্থায়ী খাবারের দোকান, ভ্রাম্যমাণ স্টল ও ছোটখাটো ব্যবসার কারণে পুরো এলাকা বিশৃঙ্খল হয়ে পড়ে। এসব দোকান থেকে সৃষ্টি হওয়া ময়লা-আবর্জনায় নষ্ট হচ্ছে শহীদ মিনারের পরিবেশ। এতে একদিকে যেমন পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে, অন্যদিকে পবিত্র এই স্মৃতিস্তম্ভের মর্যাদাও ক্ষুণ্ন হচ্ছে।
এলাকাবাসী আরও জানায়, রাতের বেলায় শহীদ মিনার এলাকায় এমন অনেক কর্মকাণ্ড দেখা যায় যা সামাজিক ও নৈতিকতার দিক থেকে বিব্রতকর। এসব দৃশ্য দেখে অনেকেই লজ্জায় মুখ ঢেকে রাখতে বাধ্য হয় বলে মন্তব্য করেছে কয়েকজন ভুক্তভোগী।
সাধারণ মানুষের দাবি, ভাষা শহীদদের স্মৃতিবিজড়িত এই স্থানটিকে যথাযথ সম্মান দিতে শহীদ মিনার এলাকাকে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং চারপাশের সব অবৈধ দোকান অপসারণ করতে হবে। একই সঙ্গে রাতের বেলায় প্রশাসনের নজরদারি বাড়ানোরও আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জবাসী।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, শহীদ মিনার কেবল একটি স্থাপনা নয়, এটি বাঙালির আত্মত্যাগ ও গৌরবের প্রতীক। তাই এর পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব।
এ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানিয়েছে নারায়ণগঞ্জবাসী ও সচেতন মহল।